মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সরাসরি সম্প্রচার দেখাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দা স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পলাশী গেটের পাশে, উদয়ন স্কুলের পাশে প্রজেক্টর স্থাপন করা হয়েছে।
বড় পর্দায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। এতে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও ভিড় এড়িয়ে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা প্রত্যক্ষ করতে পারেন।
শিক্ষার্থীরা জানান, বড় পর্দার কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে না থেকেও পুরো আয়োজন দেখা সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওসমান ফারুক বলেন, ‘প্রজেক্টরের মাধ্যমে একুশে ফেব্রুয়ারির প্রোগ্রাম বড় পর্দায় দেখানো হবে। এতে ভিড়ের মধ্যে না থেকেও পুরো কার্যক্রম স্ক্রিনে দেখা যাবে। এই আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে সিসি ক্যামেরায় নজরদারি। পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দলও কাজ করছে।
এনএস/এসআর