চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় ভোরে ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আটজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে নগরের রাইফেল ক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে একটি মিছিল শুরু হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বাঁশখালীর চাঁপাছড়ি এলাকার দিদারুল আলমের ছেলে মো. তুষার (২০), রত্নপুর এলাকার মিজবাহ রহমান চৌধুরীর ছেলে মাসুদুর রহমান (২৪), হাটহাজারীর ফতেয়াবাদ সন্ধীপ কলোনির আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২০), মো. স্বপনের ছেলে মো. রাকিব (১৯), মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ইব্রাহীম হোসেন বাবু (২২), মৃত নুরুল হকের ছেলে শরীফ হোসেন মুন্না (২০), মো. বাহারের ছেলে রিয়াজ হোসেন (২০) এবং সাতকানিয়ার সৈয়দপাড়া এলাকার ওসমান গণির ছেলে সৈয়দ হামিদ মিয়াজী (২২)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানার নিয়ে মিছিল শুরু করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআরএএইচ/এসআর