দেশজুড়ে

দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

যারা আমাদের প্রিয় মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছেন, সেই বীর মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি বাঙালি জাতি আজ অতল শ্রদ্ধায় অবনত হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আত্মদান করা বাংলার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশের বিভিন্ন স্থানে নানা শ্রেণী-পেশার মানুষ নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছে।

জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক, জেলা, উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর- মেহেরপুর

নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে মেহেরপুরে ড. শহীদ সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

ফেনী

একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। একুশের প্রথম প্রহরে ফেনী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

নওগাঁ

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস। দিবসের প্রথম প্রহর শুক্রবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

ঠাকুরগাঁও

গভীর শ্রদ্ধা, নীরবতা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজ শহিদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

চুয়াডাঙ্গা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

রাজশাহী

একুশের প্রথম প্রহরে রাজশাহীতে নেমে আসে মানুষের ঢল। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর সোনাদিঘী এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন শহীদ মিনারে ভিড় জমাতে শুরু করেন সর্বস্তরের মানুষ।

পিরোজপুর

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা হয়েছে। শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

চাঁদপুর

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় চাঁদপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাষা শহীদদের স্মরণে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

বাগেরহাট

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে। শুক্রবার দিবাগত রাত ১২টায় মিনিটে শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে দিবসটি উদযাপনের কর্মসূচি শুরু হয়। ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জয়পুরহাট

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাটে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

পাবনা

যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনায় মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।

রাজবাড়ী

শহীদ দিবস ও আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মি‌নিটে রাজবাড়ীর শহীদ খু‌শি রেলওয়ে ময়দানে অব‌স্থিত শহীদ বেদিতে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পু‌লিশ প্রশাসন, বীর মু‌ক্তি‌যোদ্ধা, বিএন‌পিসহ অঙ্গ সংগঠন এবং ‌বি‌ভিন্ন সরকারি-‌বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজ‌নৈ‌তিক-সামাজিক ও সাংস্কৃ‌তিক সংগঠন সমুহসহ সর্বস্তরের মানুষ এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

মাগুরা

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খাঁন। দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

টাঙ্গাইল

বিনম্র শ্রদ্ধায় টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের শ্রদ্ধা জানানো হয়।

খাগড়াছড়ি

পার্বত্য জেলা খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার রাত ১২টার আগেই খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে।

ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এনএইচআর/এএসএম