যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম বলেন, একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। হামলার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
বিস্ফোরণের বিষয়ে মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব বলেন, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখি মোহাম্মদ আলী চাচার বাড়ির মধ্যে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে। চাচা তার পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ফলে বাড়িতে কেউ ছিল না। পরে সেনা সদস্য ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত উদ্ধার করে।
এ ব্যাপারে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টায় বিস্ফোরণের খবর আসে। পরে বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মিলন রহমান/এএইচ/এএসএম