দেশজুড়ে

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি আরেকটি কঠিন চ্যালেঞ্জ: এ্যানি

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা আরেকটি কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, মন্ত্রিপরিষদের দুটি সভায় তারেক রহমানের বক্তব্য শোনার সুযোগ হয়েছে। তিনি বড় একজন পাহারাদার হিসেবে দেশের জন্য কাজ করবেন বলে মনে হয়েছে। প্রথমদিন থেকেই তিনি প্রত্যেকটি মন্ত্রণালয়-মন্ত্রী ও বিভাগের ব্যাপারে একটিভ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা কমিটিরও আহ্বায়ক।

এ্যানি বলেন, কোন রাজনৈতিক বা দলীয় প্রভাবের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে এ সুযোগ থাকবে না। আমার ওপর ন্যস্ত দায়িত্ব একটা আমানত। এই কঠিন দায়িত্ব পালনে সতর্ক আছি। আমাদের দুর্নীতিমুক্ত একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা আরেকটি কঠিন চ্যালেঞ্জ।

বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট হওয়ার দিন থেকেই যদি বলি ভোটটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ম্যানেজ ইলেকশন হয়েছে এটা আমাদের আহত করে। এই বক্তব্যটি না দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটা দৃষ্টান্ত হতে পারে।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান প্রমুখ।

কাজল কায়েস/এএইচ/এমএস