দীর্ঘদিন ধরে ইনজুরিতে মাঠের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা দেওয়াম চৌধুরী। এর মধ্যে আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে হামজা খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে হামজাকে নিয়ে দারুণ আশার কথা শোনালেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।
লেস্টার সিটির এই ফুটবলারের চোট এবং ফেরার প্রক্রিয়া নিয়ে ক্লাব ও চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। কাবরেরার বিশ্বাস, সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে অফিশিয়াল ম্যাচে হামজাকে দলে পাওয়া যেতে পারে।
শুক্রবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ইফতারে হাজির হন কাবরেরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হামজা, জাতীয় দল নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
হামজার বর্তমান অবস্থা নিয়ে কাবরেরা বলেন, ‘আমরা লেস্টার সিটির ডাক্তারের সাথে যোগাযোগ রাখছি। আমরা ইতিবাচক যে ওর রিকভারি খুব ভালোভাবেই হবে। পরিকল্পনা হলো মার্চের মাঝামাঝি সময়ে তার মাঠে ফেরার কথা। সেই অনুযায়ী আমরা ঠিক করব ও কবে ক্যাম্পে যোগ দেবে। তবে সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ওকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।' এছাড়া আরেক প্রবাসী ফুটবলার শেমিমও ক্যাম্পে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন বলে জানান কোচ।’
এসকেডি/আইএন