খেলাধুলা

ফাইনালে ভারতের বিপক্ষেও দল হিসেবে খেলতে চায় বাংলাদেশ

ভারতের বিপক্ষে ফাইনাল মানেই বাড়তি উত্তেজনা, আর সেই উত্তেজনার পারদ তুঙ্গে তুলে থাইল্যান্ডে আজ শিরোপার লড়াইয়ে নামছে বাংলাদেশন নারী ‘এ’ দল। রাইজিং স্টারস এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত প্রতিটি বাধা দাপটের সঙ্গে পেরিয়ে এখন শেষ হাসির অপেক্ষায় ফাহিমা খাতুনের দল। ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে আজ দুপুর ১টায় ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবার পুরো টুর্নামেন্টজুড়েই অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পা রাখে ফাহিমার দল।

ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ১১০ রান সংগ্রহ করেও টাইগ্রেস বোলাররা দেখিয়েছেন মুন্সিয়ানা। পাকিস্তানকে মাত্র ৫৬ রানে গুটিয়ে দিয়ে ৫৪ রানের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। অন্যদিকে প্রতিপক্ষ ভারতও গ্রুপপর্বে মাত্র একটি ম্যাচ হেরে বেশ শক্তিশালী অবস্থানে থেকে ফাইনালে এসেছে। এখন দেখার বিষয়, ব্যাংককের মাঠে শেষ হাসি কোন দল হাসে।

যে কোনো ফরম্যাটেই বাংলাদেশ-ভারত লড়াই মানেই বাড়তি উত্তেজনা। তবে মাঠের বাইরের আলোচনা সরিয়ে রেখে পারফরম্যান্সেই ফোকাস করতে চায় দল। ফাইনালে নামার আগে স্পিনার সানজিদা আক্তার মেঘলা দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমরা তিনটা ম্যাচ জয়লাভ করার পর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষেও জিতেছি। দল হিসেবে পারফর্ম করার কারণে আমরা এতদূর এসেছি।’

শিরোপা নিজেদের করে নিতে ফাহিমা খাতুন, লতা মণ্ডল ও শারমিন সুলতানাদের দলগত সাফল্যের ওপরই ভরসা রাখছে বাংলাদেশ। মেঘলা আরও বলেন, ‘আমরা চাইব যেন দলগতভাবে খেলতে পারি এবং দলের যেভাবে চাওয়া সেভাবে যেন আমরা পারফর্ম করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এসকেডি/আইএইচএস/