ভারতের যোধপুর জেলার মানাই গ্রামে দুই মেয়ের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত একটি পরিবার মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে যায়। কারণ বিয়ের দিন দুই বোনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুই তরুণী বিষাক্ত কোনো পদার্থ সেবন করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শোভা (২৫) ও বিমলা (২৩)-র বিয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) হওয়ার কথা ছিল। শুক্রবার রাত পর্যন্ত তাদের বাড়িতে বিয়ের প্রস্তুতি জোরেশোরে চলছিল।
পরিবারের সদস্যরা দুই বোনকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে দ্রুত যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এডিসিপি (পশ্চিম) রোশন মীনা জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত প্রায় ১২টার দিকে দুই কনে ঘুমাতে যান।
তিনি বলেন, ভোর প্রায় ৪টার দিকে হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের আগমনের আগেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে আনা হলে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শেষকৃত্যের প্রস্তুতি স্থগিত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।
সূত্র: এনডিটিভি
এমএসএম