তুরস্কে থাকতেন এক নাট্যকার ও তার অভিনেত্রী স্ত্রী। প্রতিবাদী থিয়েটার বানাতেন তারা, যা ভালো লাগেনি রাষ্ট্রযন্ত্রের। টার্গেটে পড়ে যান তারা। একে একে তারা হারাতে থাকেন ব্যক্তিজীবন, পেশাজীবন ও সামাজিক জীবনও। তুরস্কের ওই দম্পতিকে নিয়ে গল্পের সিনেমা ‘ইয়েলো লেটার্স’, বানিয়েছেন ইলকার ক্যাটাক। রাজনৈতিক বিতর্কে উত্তাল বার্লিন চলচ্চিত্র উৎসবে এ বছর সেরা সিনেমার পুরস্কার জিতেছে ছবিটি।
গতকাল রাতে ছিল বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান। এ উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিয়ার তুলে দেওয়া হয় জার্মান-তুর্কি নির্মাতা ইলকারের হাতে। তুরস্কের গল্পে ছবিটির শুটিং হয়েছে জার্মানিতে। তরুণ নির্মাতা চাতাকের আগের ছবি ‘দ্য টিচার্স লাউঞ্জ’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছিল, মনোনয়ন পেয়েছিল অস্কারে।
স্ত্রী আইদার সঙ্গে জার্মান পরিচালক ইলকার ক্যাটাক। গত ২১ ফেব্রুয়ারি ৭৬তম বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার জয়ের পর। ছবি: এএফপি
সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছে ‘স্যালভেশন’ ছবির নির্মাতা এমিন এললার। ছবিতে তুরস্কের কুর্দি অঞ্চলের ২০০৯ সালের এক বাস্তব ঘটনার নির্যাস তুলে ধরা হয়েছে। তিনি এ ছবিকে বৃহত্তর জাতিগত সংঘাত ও ফিলিস্তিন প্রসঙ্গের রূপক হিসেবে দেখছেন। পুরস্কার নিতে এসে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘আপনারা একা নন’।
তৃতীয় সর্বোচ্চ জুরি পুরস্কার পেয়েছে মার্কিন নির্মাতা ল্যান্স হ্যামারের ‘কুইন অ্যাট সি’। ডিমেনশিয়ায় আক্রান্ত এক দম্পতিকে ঘিরে নির্মিত এই পারিবারিক নাটকটি সেরা পার্শ্বচরিত্রের সিলভার বিয়ারও জিতেছে, অভিনেতা টম কোর্টনি ও আনা কাডলার-মার্শাল।
সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ব্রিটিশ নির্মাতা গ্রান্ট গি, তার ‘এভরিবডি ডিগস বিল ইভানস’ ছবির জন্য। মার্কিন জ্যাজ পিয়ানোবাদক বিল ইভানসকে নিয়ে নির্মিত এই জীবনীচিত্রে অভিনয় করেছেন নরওয়েজিয়ান তারকা অ্যান্ডার্স ড্যানিয়েলসেন লাই। প্রধান চরিত্রের সেরা অভিনয়শিল্পী (লিঙ্গ-নিরপেক্ষ) হিসেবে সিলভার বিয়ার পেয়েছেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার।
মার্কুস শ্লাইনৎসার পরিচালিত ঐতিহাসিক ট্র্যাজেডি ‘রোজ’-এ সপ্তদশ শতকের এক নারী, যিনি পুরুষ সেজে জীবন যাপন করেন, এই জটিল চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছেন। পুরস্কার নিতে এসে ২০ বছর আগে বার্লিনেই প্রথম পুরস্কার জেতার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘তখন মনে হয়েছিল আমি বোধ হয় মরে যাব’।
এবারের বার্লিন উৎসবে শিল্প ও রাজনীতির সম্পর্ক নিয়ে অনেক কথা হয়েছে। গাজা যুদ্ধ নিয়ে জার্মান সরকারের অবস্থান এবং উৎসব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে। সমাপনী বক্তব্যে উৎসব পরিচালক ট্রিসিলা টাটল বলেছেন, ‘সমালোচনা গণতন্ত্রের অংশ। এটাই বার্লিনালের কাজ, এটাই সিনেমার কাজ।’
আরএমডি