বিভিন্ন খাতে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলী আজম মো. আবুবকর।
তিনি বলেছেন, সাধারণ খেটে খাওয়া মানুষ কষ্ট করে ছোট ছোট যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু একটি চক্র সেই খেটে খাওয়া মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে। এই চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। তাদের ছাড় দেওয়া হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদাবাজি বন্ধে হরিণাকুন্ডু ও ঝিনাইদহ শহরে মাইকিং কর্মসূচির উদ্বোধন শেষে হরিণাকুন্ডু উপজেলা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ঝিনাইদহ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত এমপি আলী আজম মো. আবুবকর বলেন, ‘সাধারণ মানুষ আলমসাধু চালিয়ে, ভ্যান চালিয়ে, রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু হরিণাকুণ্ডু শহরের কিছু ভাই আছে, যারা এই খেটে খাওয়া মানুষগুলোর কাছ থেকে চাঁদাবাজি করে। এসব চাঁদাবাজের লজ্জাও লাগে না।’
তিনি আরও বলেন, ‘আমরা চাঁদাবাজি বরদাশত করবো না। যারাই চাঁদাবাজি করবে, তারা যত বড়ই শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হবে না। যে বা যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, আজ থেকে চাঁদাবাজি ছাড়ুন। যদি চাঁদাবাজি না ছাড়েন, তাহলে আইনগতভাবে কীভাবে আপনাদের শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে।’
প্রসঙ্গত, ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসবিরোধী মাইকিং শুরু হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকরের উদ্যোগে এই মাইকিং চলছে।
এম শাহজাহান/এসআর/এমএস