সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন থাকছে কি না, সে বিষয়ে নতুন সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশন (ইসি)।
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশে স্থানীয় ভোটে দলীয় প্রতীক বাদ দেওয়া হয়েছে। এখন সংসদ এটি অনুমোদন করলে বা কোনো পরিবর্তন আনলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছে, সেহেতু তাদের ওপরই স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকা না থাকা নির্ভর করছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। একই সঙ্গে তিনি সংরক্ষিত নারী আসন এবং স্থগিত আসনের নির্বাচন ও উপ-নির্বাচন নিয়ে কমিশনের পরিকল্পনা তুলে ধরেন।
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কমিশনার মাছউদ বলেন, ‘আমার জানামতে, অধ্যাদেশের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এখন সংসদ বসবে। সংসদ বসার পর এই বিল বা অধ্যাদেশ যদি অনুমোদন হয়, তবে সেভাবেই নির্বাচন হবে। যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে অন্যরকম হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।’
সংরক্ষিত নারী আসনের বিষয়ে তিনি জানান, এই নির্বাচনের প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবে, মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো এরই মধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে। আনুষ্ঠানিক নিয়ম অনুযায়ী শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হয়। ইসি সেই সময়ের মধ্যেই তা করবে।
এমওএস/একিউএফ