চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে মৌসুমী ফুড বেকারিতে ডালডার মধ্যে মৃত ইঁদুর পাওয়া গেছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার ও পণ্য পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগে একই মালিকের দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
অভিযান সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড়ে অবস্থিত মেসার্স মৌসুমি ফুড প্রোডাক্টে তদারকি করতে গিয়ে বেকারিতে ব্যবহৃত ডালডার ভেতর মৃত ইঁদুর পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং আগাম বেকারি পণ্য প্রস্তুত করে পরে চলতি তারিখ উল্লেখ করার প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. সাইদুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে একই অভিযানে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুন মোড়কে পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করার দায়ে মো. সাইদুল ইসলামের প্রতিষ্ঠান অনন্যা ফুড প্রোডাক্টকে এক আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ডালডার মধ্যে মৃত ইঁদুর পাওয়া, মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুন মোড়কে প্যাকেটজাত করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একই মালিকের দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, পবিত্র মাহে রমজানে হোটেল, সেমাই ও মশলা মিলেও তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
হুসাইন মালিক/আরএইচ/এমএস