ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রোববার (২২ ফেব্রুয়ারি)সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিতে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে, বিশেষত একজন নারী সংসদ সদস্যকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়ার ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তচিন্তার পরিপন্থি। এ ধরনের আচরণ নারীর প্রতি বিদ্বেষমূলক মনোভাবের বহিঃপ্রকাশ এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, অংশগ্রহণ ও নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।
বিবৃতিতে এই ঘটনাকে শহীদ মিনার অবমাননাকারী এবং নারীবিদ্বেষী কার্যক্রম উল্লেখ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে মহিলা পরিষদ। একই সঙ্গে নারীবিদ্বেষী এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণের বিরুদ্ধে সচেতন থাকতে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নিজ নির্বাচনি এলাকা সরাইলে বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি রুমিন ফারহানা। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, গতকাল (একুশের প্রথম প্রহর) যেভাবে নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছেন, তা অন্য আসনেও শুরু হবে। বিষয়টিকে (পুষ্পস্তবক অর্পণে বাধা) বিএনপি যদি ইগনোর করতে চায়, তাহলে তাদের জন্য ভালো হবে না। এটা আমার পরিষ্কার বার্তা।
এফএইচ/এএমএ