গাইবান্ধায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা পৌর শহরের ৩৬ জুলাই স্মৃতি স্তম্ভ থেকে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে ১ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ আওয়ামী লীগের অফিসের সামনে গিয়ে অবস্থান নেয়। এসময় শহরের ডিবি রোডের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন পথচারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মোস্তাকিম জীম বলেন, ৫ অগাস্টের পর ২১ ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করে। দিনের বেলায় আ’লীগের অফিসে অবস্থান নিয়ে শহরে মিছিল করে শহীদ মিনারে যায় তারা। পুলিশের উপস্থিতিতে এমন কর্মকাণ্ড করার সাহস পায় কীভাবে? তিনি এর তীব্র প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, রাঘব বোয়ালদের আটক না করে চুনোপুঁটিদের গ্রেফতার করছে পুলিশ। তাদের আবার জামিনে ছেড়েও দেওয়া হচ্ছে। এর দায় প্রশাসনকে নিতে হবে। বিক্ষোভ মিছিলে চব্বিশের ছাত্র আন্দোলনের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আনোয়ার আল শামীম/এমএন/জেআইএম