শনিবার লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়ামে ইন্টার মিয়ামি ও এলএএফসির ম্যাচের পর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, মেসি ম্যাচ শেষে এমন একটি এলাকায় প্রবেশ করছেন, যা অনেকের কাছে রেফারিদের ড্রেসিংরুম বলে মনে হয়েছিল। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয় এবং এমএলএস তদন্ত শুরু করে।
এই তদন্তের পর ইন্টার মিয়ামির অধিনায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষে মেজর লিগ সকার (এমএলএস) জানিয়েছে, তিনি লিগের কোনো নীতিমালা ভঙ্গ করেননি।
তদন্ত শেষে এমএলএস জানায়, মেসি যে এলাকায় প্রবেশ করেছিলেন তা লিগের নিষিদ্ধ বা সীমাবদ্ধ এলাকা ছিল না। এছাড়া তিনি যে দরজা দিয়ে ঢুকেছিলেন সেটিও রেফারিদের ড্রেসিংরুমের ছিল না। ফলে বিষয়টি শাস্তিযোগ্য কোনো অপরাধ হিসেবে বিবেচিত হয়নি এবং এমএলএস ডিসিপ্লিনারি কমিটির কাছে আর নেওয়া হবে না।
প্রফেশনাল রেফারি অর্গানাইজেশনের (পিআরও) যোগাযোগ পরিচালক ক্রিস রিভেটও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি, মেসি রেফারিদের ড্রেসিংরুমে প্রবেশ করেননি।’
অন্যদিকে ইন্টার মিয়ামির প্রধান কোচ হ্যাভিয়ের মাচেরানোও জানিয়েছেন, ম্যাচের রেফারিং নিয়ে মেসিকে ক্ষুব্ধ দেখেননি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘না, আমি এমন কিছু দেখিনি। ম্যাচ শেষ হওয়ার পর আমি সরাসরি ড্রেসিংরুমে চলে যাই।’
উল্লেখ্য, ওই ম্যাচে এলএএফসির কাছে ৩-০ গোলে হারে ইন্টার মিয়ামি। তাদের পরবর্তী ম্যাচ আগামী ১ মার্চ, অরল্যান্ডো সিটির বিপক্ষে।
আইএইচএস/