খেলাধুলা

মোহাম্মদ আমির যখন ‘জ্যোতিষী’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের ভারতের বড় পরাজয়ের পর পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে আলোচনা জমে উঠেছে। তার আগের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় একটি পাকিস্তানি টিভি চ্যানেল তাকে মজা করে ‘জ্যোতিষী’ বলে অভিহিত করেছে।

রোববার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। সূর্যকুমার যাদবের দল ধীরগতির বোলিং ও স্লোয়ার ডেলিভারির ফাঁদে পড়ে ১৮.৫ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়। এটি ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আইসিসি টুর্নামেন্টে ভারতের প্রথম পরাজয়।

এই ম্যাচের আগেই মোহাম্মদ আমির মন্তব্য করেছিলেন, ভারত এবারের টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারবে না। একই সঙ্গে তিনি তরুণ ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলেও সমালোচনা করেছিলেন। চলতি বিশ্বকাপে অভিষেকের ধারাবাহিক ব্যর্থতা এবং ভারতের পরাজয়ের পর সেই মন্তব্য নতুন করে আলোচনায় আসে।

ভারতের এই বড় হারের পর পাকিস্তানের একটি টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘হারনা মানা হ্যায়’-এ আমিরকে মজা করে ‘অ্যাস্ট্রোলজার’ (জ্যোতিষী) হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের উপস্থাপক বলেন, ‘যা আমাদের পাকিস্তান দল মাঠে করতে পারছে না, লাহোরের স্টুডিওতে বসে আমাদের প্যানেলিস্টরা তা করে দেখাচ্ছেন। মোহাম্মদ আমির প্রথমে অভিষেক শর্মাকে স্লগার বলেছিলেন, তারপর থেকেই সে ফর্মে নেই। এরপর তিনি বলেন ভারত সেমিফাইনালে উঠবে না- মনে হচ্ছে ভারতও আমিরের কথাই শুনছে।’

এ কথা শুনে হেসে ফেলেন আমির এবং মজার ছলে বলেন, ‘আমাকে কী বানিয়ে ফেললেন? আল্লাহ মাফ করুন!’

এদিকে এই পরাজয়ে ভারতের নেট রানরেট নেমে গেছে -৩.৮০০-তে। ফলে শেষ চারে উঠতে হলে তাদের পরবর্তী দুই ম্যাচে- ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ে এবং ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে- জিততেই হবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের পরবর্তী ম্যাচে ২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।

আইএইচএস/