দেশজুড়ে

সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন এমপি রাসেল

চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কলোনিপাড়া থেকে মুন্নামোড় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এসময় সড়ক পরিষ্কার ও ডাস্টবিন স্থাপন কাজে অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাসুদ পারভেজ রাসেল।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কলোনিপাড়া থেকে মুন্নামোড় পর্যন্ত সড়কের দুই পাশে ময়লা-আবর্জনা জমে থাকায় ভোগান্তির শিকার হন এলাকাবাসী। তীব্র দুর্গন্ধে পথচারী ও স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটছিল। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয়রা সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

এরই পরিপ্রেক্ষিতে সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এমপি মাসুদ পারভেজ রাসেল এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

পৌরসভার সহযোগিতায় সড়কের দুই পাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি কলোনিপাড়ার গাজীর মোড় ও ক্লাব মোড়ে দুটি ডাস্টবিন স্থাপন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, ‌‘আমি দীর্ঘদিন ধরে দেখছি চুয়াডাঙ্গার এই অংশটিতে ময়লা-আবর্জনা পড়ে থাকে। আজ পৌরসভার সহায়তায় রাস্তার দুই পাশ পরিষ্কার করা হয়েছে এবং দুটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। জেলাবাসীর প্রতি আহ্বান—যত্রতত্র ময়লা ফেলবেন না। নির্ধারিত স্থানে ময়লা ফেললে আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা গড়ে তুলতে পারবো।’

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার জুবায়ের রহমান, কনজারভেন্সি সুপারভাইজার ওসমান গনি, এবি পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, নায়েবে আমির মাহবুব আশিক, সদ্য জামায়াতে যোগদানকারী এইচ এম মোস্তফা প্রমুখ।

হুসাইন মালিক/এসআর/এএসএম