লাইফস্টাইল

লোভে পড়ে বেশি জিলাপি খেয়ে ফেললে হতে পারে বিপদ

জিলাপি ছাড়া বাঙালির ইফতারের কথা ভাবতেই যেন ভালো লাগেনা। গরম গরম, রসালো আর মিষ্টি স্বাদ। কিন্তু এক-দুইটাতে সীমাবদ্ধ না থেকে যদি নিয়মিত বেশি খাওয়া হয়, তখন শরীর কিন্তু চুপ করে থাকে না।

বিশেষ করে রোজার পর খালি পেটে অতিরিক্ত মিষ্টি ও ভাজাপোড়া খাবার খেলে কিছু স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। জেনে নিন লোভে পড়ে বেশি জিলাপি খেয়ে ফেললে কী কী সমস্যা হতে পারে।

১. রক্তের শর্করা

প্রথম সমস্যা হলো রক্তে শর্করার হঠাৎ ওঠানামা। জিলাপিতে থাকে পরিশোধিত ময়দা ও প্রচুর চিনি। খালি পেটে এটি খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যায়। পরে আবার দ্রুত নেমে আসতে পারে, ফলে দুর্বলতা, মাথা ঘোরা বা অতিরিক্ত ক্ষুধা লাগার অনুভূতি তৈরি হয়। ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস থাকলে এই ওঠানামা আরও ঝুঁকিপূর্ণ হতে পারে।

২. ওজন বৃদ্ধি

জিলাপি ডুবো তেলে ভাজা এবং সিরায় ভেজানো থাকে। এতে ক্যালোরির পরিমাণ খুব বেশি। নিয়মিত বেশি খেলে অতিরিক্ত ক্যালোরি শরীরে চর্বি হিসেবে জমতে পারে। দীর্ঘমেয়াদে এটি স্থূলতা, ফ্যাটি লিভার বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে।

৩. হজমের সমস্যা

সারাদিন না খাওয়ার পর হঠাৎ বেশি তেল-চিনি খেলে গ্যাস্ট্রিক, অম্বল, পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। যাদের আগে থেকেই অ্যাসিডিটি বা হজমের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে উপসর্গ বাড়তে পারে।

৪. হৃদ্‌স্বাস্থ্যের ঝুঁকি

অতিরিক্ত চিনি ও ট্রান্স ফ্যাট দীর্ঘমেয়াদে কোলেস্টেরল বাড়াতে পারে। বিভিন্ন পুষ্টি গবেষণায় উঠে এসেছে - নিয়মিত অতিরিক্ত মিষ্টি খাওয়া হৃদ্‌রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।

তবে সমাধান আছে। ইফতারে জিলাপি পুরোপুরি বাদ দিতে না চাইলে পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। একটি ছোট টুকরো যথেষ্ট। তার আগে ফল বা পানি দিয়ে ইফতার শুরু করলে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি কিছুটা কমানো যায়। পাশাপাশি বাড়িতে কম তেলে বানানো বা বিকল্প স্বাস্থ্যকর মিষ্টি বেছে নেওয়াও ভালো কৌশল।

সবশেষে মনে রাখা দরকার - জিলাপি উৎসব-আনন্দের খাবার, প্রতিদিনের নয়। সংযমই এখানে সবচেয়ে বড় স্বাস্থ্যকৌশল।

সূত্র: ওয়েবএমডি, হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এএমপি/এএসএম