পশ্চিমবঙ্গের অভিনেতা, রাজনীতিবিদ ও নির্মাতা ব্রাত্য বসু মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে চঞ্চল চৌধুরীর সঙ্গে শেষ হয়েছে ‘শেকড়’ নামের সিনেমার শুটিং। ভবিষ্যতে ব্রাত্য বসু চান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী একই সিনেমায় একসঙ্গে অভিনয় করুন। তাদের নিয়ে সেই সিনেমাটি তিনি বানাবেন।
চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের প্রথম একসঙ্গে বড় পর্দায় কাজ করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায়। এরপর বিরতি কাটিয়ে তারা আবার একসঙ্গে অভিনয় করছেন তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। সেটির কাজ চলমান। সবকিছু ঠিক থাকলে এটি রোজার ঈদে মুক্তি পাবে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে চঞ্চল চৌধুরী জানান, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় শুটিংয়ের সময় মোশাররফের সঙ্গে ব্রাত্য বসুকে নিয়ে আলাপ করেছেন। একসময় চঞ্চল আঁচ করেন ব্রাত্যকে নিয়ে মোশাররফ করিম আর তার ভাবনাও একই রকম। কলকাতায় যাওয়ার পর সেই আলাপের কথা ব্রাত্য বসুকে জানালে নির্মাতা জানান, তাদের দুজনকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা আছে তার।ব্রাত্য বসু
চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের দুজনকে নিয়ে তিনি (ব্রাত্য বসু) সিনেমা বানাতে চান। শুধু তাই নয়, ব্রাত্যদা আমাকে বলেছেন, আমি শুধু নির্দেশনা দেবো না, আমরা তিনজন একই সিনেমায় অভিনয় করব।’
‘শেকড়’ সিনেমাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে। এতে আরও অভিনয় করেছেন লোকনাথ দে, সীমা বিশ্বাস, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায় ও অনসূয়া মজুমদার। চঞ্চল এই সিনেমার দুটি গানও গেয়েছেন। একটি বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’।
চঞ্চল চৌধুরী মনে করেন, বাংলা সিনেমার প্রসার ও দুই দেশের শিল্পী বিনিময় আরও বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, ‘বাংলার সিনেমার ব্যাপকতা বিশ্বব্যাপী। দর্শকশ্রেণিকে ধরতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। একসঙ্গে কাজ করলে পুরো পৃথিবীর বাংলা দর্শক এসব কাজ দেখতে পারবেন। বড় ক্যানভাসে কাজ করলে কনটেন্টের বাজার আরও বিস্তৃত হবে।’
এলআইএ