দেশজুড়ে

যশোরে মেয়াদোত্তীর্ণ ১৩ বস্তা চিপস ধ্বংস

যশোর শহরের বড়বাজার এলাকার শিব স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১৩ বস্তা মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত চিপস জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে থাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান জানান, সোমবার বেলা ১১টার দিকে বড়বাজারে সিটি প্লাজার সামনে অবস্থিত শিব স্টোরের গোডাউনে মেয়াদোত্তীর্ণ চিপস মজুতের তথ্য পেয়ে তারা অভিযান চালান। সেখান থেকে ১৩ বস্তা মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত চিপস জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

এদিকে, বড়বাজারের আরজি ট্রেডার্সে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যশোর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সদস্য আব্দুর রাকিব সরদার অপু উপস্থিত ছিলেন। এছাড়া জননিরাপত্তা রক্ষায় র‌্যাব-৬ এর একটি দল সহযোগিতা করে।

মিলন রহমান/এনএইচআর/এএসএম