জাতীয়

শাহ আমানতে ৩ যাত্রীর লাগেজ থেকে সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ৯১০ কার্টন সিগারেট ও আমদানি নিষিদ্ধ ৪২৮টি বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।

যাত্রীরা হলেন- ফটিকছড়ির মোহাম্মদ সোহেল, চকরিয়ার মোহাম্মদ উল্যাহ ও চট্টগ্রামের মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৫৫ মিনিটে বিমানবন্দরের কাস্টমস হলে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), কাস্টমস ইন্টেলিজেন্স এবং বিমানবন্দর কাস্টমস যৌথভাবে অংশ নেয়।

কাস্টমস সূত্রে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের আবুধাবি থেকে আসা বিএস-৩৫০ ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা সিগারেটের বিপরীতে ১৮ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে। সিগারেটগুলো ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউজে সংরক্ষণ করা হয়েছে। উদ্ধার হওয়া বিউটি ক্রিম আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে জব্দ করা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। রাজস্ব ফাঁকি ও আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমএএইচ/