প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে ১০ হাজার রোগীর চিকিৎসার টোকেনের টাকা নিজ তহবিল থেকে পরিশোধের ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মো. ফখরুল ইসলাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জ ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবার পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
মো. ফখরুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং তাদের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার নতুন সরকারের জন্য সহযোগিতা চাই।
তিনি বলেন, রমজান ও ঈদ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসা ১০ হাজার রোগীর টোকেন খরচ আমি পরিশোধ করবো। এক মাস রোগীরা বিনামূল্যে চিকিৎসা নিবেন।
এমপি ফখরুল ইসলাম বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম প্রতিশ্রুতি। এখানে যত সমস্যা রয়েছে তা অচিরেই সমাধানের চেষ্টা করা হবে। তবে চিকিৎসকদের সঠিক সময়ে অফিসে উপস্থিত হয়ে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে।
পরে নবনির্বাচিত সংসদ সদস্য প্রতিটি ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এসময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের নিরাপত্তা, সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন তিনি।
পরিদর্শনের আগে মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, মেডিকেল কর্মকর্তা ডা. শওকত আল-ইমরান ইমরোজ, সিনিয়র স্টাফ নার্স কহিনুর বেগম প্রমুখ।
ডা. মোহাম্মদ সেলিম জাগো নিউজকে বলেন, বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এসব রোগীদের ৫ টাকা দিয়ে টোকেন নিতে হয়। আজ স্থানীয় এমপি ফখরুল ইসলাম ১০ হাজার রোগীর টোকেনের ৫০ হাজার টাকা নিজ তহবিল থেকে পরিশোধের ঘোষণা দিয়েছেন।
ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস