দেশজুড়ে

কমলগঞ্জে রমজানে আট বন্ধুর বিনা লাভের বাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে বিনা লাভের বাজার চালু করা হয়েছে। বিভিন্ন পণ্য কিনতে ভিড় করেছেন ক্রেতারা। যার যার পছন্দ ও চাহিদামতো বিভিন্ন ধরনের পণ্য কিনছেন। স্বাভাবিক বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে ক্রেতারাও খুশি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার পতনঊষারে বিনা লাভের বাজার গিয়ে জানা যায়, গত মঙ্গলবার থেকে এই বাজার চালু করেন নেছার, ফাহিম, সানি, সাকিব, সামাদ, সাকি, বেলাল ও ইলিয়াস নামে আট বন্ধু। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত পুরো রমজান মাস চলবে এই বাজার।

বিনা লাভের বাজারে যেসব পণ্য বিক্রি করা হচ্ছে- আপেল প্রতি কেজি ২৫০ টাকা, মাল্টা কেজি ৩০০ টাকা, দেশি পিঁয়াজ কেজি ৩৫ টাকা, দেশি রসুন কেজি ৬০ টাকা, ছোলার কেজি ৮০ টাকা, মশুর ডালের কেজি ৮৫ টাকা, ছোলার ডালের কেজি ৫৮ টাকা, সেমাই ৩৮ টাকা, আলুর কেজি ১৫ টাকা, শসার কেজি ৫৫ টাকা, গাজরের কেজি ৩০ টাকা, ধনিয়া পাতার কেজি ৩০ টাকা ও কাঁচামরিচের কেজি ১৩০ টাকা।

এখান থেকে বাজার করার পর নজমুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, আমি কাঁচামরিচ ১৩০ টাকা কেজি ধরে কিনেছি। অথচ বাজারে কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু ১৫ টাকা করে নিয়েছি বাহিরে ২০ টাকা বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা এখানে ৩০ টাকা কেজি বিক্রি করেছে বাহিরে ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। এখানে বাজার করে আমার বেশ টাকা সাশ্রয় হয়েছে।

বিনা লাভের বাজারের উদ্যোক্তা ফাহিম, সানি, সাকিব ও সাকি বলেন, পবিত্র রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আমাদের দেশে অনেক পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। সাধারণত নিম্ন আয়ের মানুষকে অনেক কষ্ট করে রোজার মাসে চলতে হয়। এজন্য আমরা মাসব্যাপী বিনা লাভের বাজার চালু করেছি। যাতে অন্তত বিনা লাভের বাজার থেকে পণ্য কেনার পর কিছু টাকা সাশ্রয় হয় সাধারণ মানুষের। একইসঙ্গে ক্রেতাদের কিছুটা স্বস্তি ফিরে আসবে।

এম ইসলাম/এফএ/এএসএম