জাতীয়

শুধু ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে না: ডিএনসিসি প্রশাসক

শুধু মশার ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণের জন্য সামাজিক সচেতনতা ও মনিটরিং বাড়াতে হবে। এ সময় প্রশাসক মশককর্মীদের সময়মতো ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-১, ৬, ৭ ও ৮-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সিটি করপোরেশনের চলমান সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে নির্দেশনা দিয়ে নবনিযুক্ত প্রশাসক বলেন, বিগত সময়ে টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, সেটি যাচাই-বাছাই করা হবে। সব অভিযোগের যথাযথ তদন্ত করা হবে।

আরও পড়ুনকৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ ১৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুইবার ভূমিকম্প 

তিনি বলেন, অবৈধভাবে সিটি করপোরেশনে আর কোনো কাজ হবে না। আমি এখানে কাজ করতে এসেছি। জনগণ যেন দেখে, আমরা শহরের জন্য কাজ করার চেষ্টা করছি।

ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে শফিকুল ইসলাম খান বলেন, নিজ নিজ কাজে মনোযোগী হতে হবে। সবাইকে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যে কোনো সময়ে আমাকে কাছে পাবেন। আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো।

সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, আমরা এসেছি জনগণের সেবা করার জন্য। আমাদের সাধ্য অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করবো। নতুন ওয়ার্ডগুলোতে বিগত সময়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।

সভায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নাগরিক সেবা প্রদানসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এসময় হকার ব্যবস্থাপনা ও অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়।

এমএমএ/কেএসআর