ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালমা ইউনিয়নের সন্তোষী গ্রামে প্রকাশ্যে কৃষিজমি থেকে মাটি কাটার সময় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার তালমার সন্তোষী গ্রামের মাঠে দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে বিক্রি করছিলেন মো. জাকির হোসেন নামের এক মাটি ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, মারুফ ও জাকির নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। এতে করে আবাদযোগ্য জমির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর পেয়ে নগরকান্দা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, কৃষিজমি থেকে মাটি কাটার সময় অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ফসলি জমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম