চট্টগ্রামের রাউজানে গুলিতে নিহত মোহাম্মদ মুজিব হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে (২৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা মুজিবকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, হত্যার পর থেকেই ঘটনা তদন্তে প্রযুক্তিনির্ভর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে নাঈমকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এমআরএএইচ/এএমএ