‘আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে বাস করবে। সবাই স্বাধীনভাবে সবার ধর্মীয় রীতিনীতি ও উৎসব উদযাপন করবে। ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে গণমাধ্যমকে একথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
বিহারে প্রার্থনায় তিনি বৌদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ পুণ্যকর্মে অংশ নিয়ে ভগবান বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করেন। প্রার্থনায় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী দীপেন দেওয়ান তার প্রয়াত পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ি এবং পরলোকগত আত্মীয়স্বজনসহ জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় প্রার্থনা করেন। ধর্মীয় এ আয়োজনে বিহার প্রাঙ্গণ পুণ্যার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল।
অনুষ্ঠানে রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের প্রধান শিষ্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথের ধর্মীয় দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রার্থনা সভা শেষে উপস্থিত সকলে বিশ্বশান্তি ও দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।
আরমান খান/এফএ/এএসএম