দেশজুড়ে

ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে দুই গ্রামের যুবকদের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা শাহ আলম। এর আগে বৃহস্পতিবার সংঘর্ষ হয়।

নিহত শাহ আলম একই উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। তার মৃত্যুতে পরিবার-আত্মীয় স্বজন ও প্রতিবেশীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় নিয়মিত সংঘবদ্ধভাবে আড্ডা দেয় ও রাস্তা দিয়ে চলাফেরা করা তরুণীদের উত্ত্যক্ত করে। পরে রশিদপুর গ্রামের কিছু লোক আড্ডা দিতে নিষেধ করার ওই বখাটে যুবকরা গ্রামে হামলা চালায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুর গ্রামের বখাটে যুবকরা। পরে হামলার খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে শাহ আলম গুরুতর আহত হন।

তিনি আরও জানান, পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তাতেও তার অবস্থার অবনতি হয়।

শনিবার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহ আলম মারা গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এম এ মালেক/এমএন/এমএস