ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত উপকারভোগী পরিবার ও কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে ভর্তুকি, প্রণোদনা ও নিত্য প্রয়োজনীয় সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার জন্য দ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করা হবে। এসব কার্ড বিতরণে কোন ধরনের অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি সহ্য করা হবে না।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জনগণের কথা ধৈর্য সহকারে শুনে ব্যবস্থা গ্রহণে জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ করেন।
তিনি বলেন, মধুপুরে বখাটে দেখতে চাই না। জনগণ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন আহমদ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ওসি জাফর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/এমএস