আন্তর্জাতিক

ইরাকে বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরাকে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার ভোরে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর আবাসস্থল ইরবিল বিমানবন্দরের কাছে জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফপির এক সাংবাদিক বিমানবন্দর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখেছেন বলে জানিয়েছেন। শনিবার মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ইরবিলের ওপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত করেছে বলে জানা গেছে।

এদিকে ইরানে এখনো হামলা অব্যাহত রয়েছে। রাজধানী তেহরানে গত কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের রাজধানী শহরটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোর্মা বর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ফার্স জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

টিটিএন