চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে গুন্ধীপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সিয়াম (১৯) ও আনিস (২৫)। তাদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায়। তারা ওই ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা জানান, সকালে ছয়জন শ্রমিক ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। একপর্যায়ে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় রেলিং ভেঙে নিচে থাকা মাচার ওপর পড়ে যান সিয়াম ও আনিস। এতে মাচাটিও ভেঙে যায়। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিক জুনাইদ ইসলাম বলেন, হঠাৎ রেলিং ভেঙে দুইজন নিচে পড়ে যান। এরপর মাচাটিও ধসে পড়ে। খুব দ্রুত ঘটনাটি ঘটে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
এমআরএএইচ/এমআইএইচএস