খেলাধুলা

ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে প্রিমিয়ার লিগের তিনে উঠে এলো ম্যানইউ

পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ১০ জনের ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল রেড ডেভিলরা। সে সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এলো ম্যানইউ।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এই জয়ের নায়ক আবারও বেঞ্জামিন সেসকো। মাইকেল ক্যারিকের অধীনে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়ে ৬৫তম মিনিটে দুর্দান্ত হেডে জয়সূচক গোল করেন তিনি। শেষ সাত ম্যাচে এটি তার ষষ্ঠ গোল। এর আগে সপ্তাহের শুরুতে এভারটনের মাঠে ১-০ জয়ে একমাত্র গোলটিও করেছিলেন সেসকো।

ম্যাচের শুরুটা ছিল প্যালেসের দাপটে। মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। ব্রেনান জনসনের কর্নার থেকে লেনি ইয়োরোকে ফাঁকি দিয়ে হেডে গোল করেন ম্যাক্সেন্স লাক্রোয়া। বল পোস্টে লেগে জালে জড়ায়। মৌসুমে এটি ছিল ঘরের মাঠে ম্যানইউর সবচেয়ে দ্রুত হজম করা গোল।

প্রথমার্ধে প্যালেসই ছিল বেশি বিপজ্জনক। এর মধ্যে ২২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লুক শ, তার পরিবর্তে মাঠে নামেন নুসাইর মাজরাউই।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায়। মাতেউস কুনিয়াকে টেনে ফেলে দেন লাক্রোয়া। রেফারি ক্রিস কাভানাহ প্রথমে দ্বিধায় থাকলেও ভিএআর দেখে পেনাল্টি দেন এবং লাক্রোয়াকে সরাসরি লাল কার্ড দেখান। পেনাল্টি থেকে সমতা ফেরান ব্রুনো ফার্নান্দেজ। নায়ক থেকে মুহূর্তেই খলনায়ক হয়ে যান লাক্রোয়া।

সমতায় ফেরার মাত্র আট মিনিট পরই এগিয়ে যায় ইউনাইটেড। ডান দিক থেকে ফার্নান্দেসের দারুণ ক্রসে ডিফেন্ডারকে পেছনে ফেলে নিচু হেডে বল জালে পাঠান সেসকো।

একজন অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ চালায় ইউনাইটেড। প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন কাছ থেকে ক্যাসেমিরোর ভলি ও বদলি আমাদ দিয়ালোর শক্ত শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি।

এই ম্যাচকে অনেকেই দেখছিলেন সম্ভাব্য কোচ নিয়োগের একরকম ‘অডিশন’ হিসেবে। অলিভার গ্লাসনার এখনও গ্রীষ্মে ইউনাইটেডের কোচ হওয়ার আলোচনায় রয়েছেন। প্রথমার্ধে তার দল ভালো খেললেও লাল কার্ডের পর ম্যাচ হাতছাড়া হয়।

অন্যদিকে অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর সাত ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিলেন। শুক্রবার উলভসের কাছে অ্যাস্টন ভিলার হারের পর এই জয়ে ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ইউনাইটেড উঠে এসেছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে প্যালেস রয়ে গেছে টেবিলের ১৪তম স্থানে।

আইএইচএস/