রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে যুক্তরাজ্যের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পাশাপাশি ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় যুক্তরাজ্যের সমর্থন কামনা করেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ মন্ত্রী সিমা মালহোত্রাকে পাঠানোর জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান। এছাড়া উভয়পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, দুই দেশের জনগণের যোগাযোগ ও যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে শিক্ষা, অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার মতো বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।
ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের প্রার্থীর যোগ্যতার বিষয়টি নিজ দেশের সদরদপ্তরে অবহিত করবেন এবং যুক্তরাজ্য বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দেন।
বৈঠক শেষে উভয়পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্য সম্পর্কের ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আশাবাদ প্রকাশ করেন এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এর আগে একই দিন হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার সাম্প্রতিক নিয়োগে শুভেচ্ছা জানান।
প্রতিমন্ত্রী দক্ষতা উন্নয়ন, অভিবাসন, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
জেপিআই/এমকেআর