আন্তর্জাতিক

বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি করবে ইন্দোনেশিয়া

মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে আরও ক্রুড তেল আমদানি করবে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তার জবাবস্বরূপ ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেলের সরবরাহকে প্রভাবিত করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ থাকায়, যা বিশ্বজুড়ে প্রায় এক-পঞ্চমাংশ তেলের পরিবহণের প্রধান রুট।

ইন্দোনেশিয়ার জ্বালানিমন্ত্রী বাহলিল লাহাদালিয়া জানিয়েছেন, দেশের মোট ক্রুড তেল আমদানির প্রায় ২০-২৫ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আসে এবং হরমুজ প্রণালী দিয়ে যায়। তিনি বলেন, আমরা বর্তমানে যে ক্রুড তেল মধ্যপ্রাচ্য থেকে নিই, তার একটি অংশ আমরা যুক্তরাষ্ট্র থেকে ক্রয়ের দিকে ঝুঁকছি, যাতে তেলের প্রাপ্যতা নিশ্চিত থাকে।

মন্ত্রী আরও বলেন, দেশের এলপিজি আমদানির প্রায় ৩০ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আসে এবং সরকার বিকল্প সরবরাহকারী খুঁজবে।

ইন্দোনেশিয়ার বর্তমানে তিন সপ্তাহের জন্য পর্যাপ্ত কাঁচা তেল মজুত আছে, কিন্তু পর্যাপ্ত স্টোরেজ সুবিধা না থাকায় আরও আমদানি করা সম্ভব নয়।

এর পাশাপাশি, ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় ১৫ বিলিয়ন ডলার মূল্যের যুক্তরাষ্ট্রের শক্তি সামগ্রী ক্রয় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: এএফপি

এমএসএম