জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের নামে ভুয়া ই–মেইল খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। কয়েক দিন ধরে এমন ঘটনা ঘটছে বলে জানিয়েছে এনবিআর।
বিষয়টি নজরে এলে মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আল-আমিন শেখ বলেন, গত বছরের ২৪ সেপ্টেম্বর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা ধার চেয়েছিল একটি প্রতারক চক্র।
আজ এক বিজ্ঞপ্তিতে মো. আল-আমিন শেখ বলেন, এনবিআরের চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই–মেইল আইডি খুলেছে একটি প্রতারক চক্র। এরপর সেই ভুয়া আইডির মাধ্যমে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছে। বিষয়টি এনবিআরের নজরে এসেছে।
তিনি বলেন, প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। প্রতারক চক্রের বিরুদ্ধে আজ রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডায়েরি নম্বর ২৫৮। এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে এ প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এসএম/এমএএইচ/