গাইবান্ধার সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।
এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি এগ্রোভেট কারখানায় দুই লাখ চাঁদা দাবিতে কারখানাটি বন্ধ করে দেয়। পরে রাতে এ ঘটনায় কারখানার মালিকের দায়ের করা মামলার ভিত্তিতে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়।
অভিযুক্ত বিএনপির নেতারা কারখানায় এসে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। তিনি জানতে চাইলে তারা কীসের কাগজ দেখতে চান, তখন তারা বলেন, এ কারখানায় কী হয় তা তারা জানেন এবং কাগজপত্র না দেখালে তাকে থানায় নিয়ে যাওয়া হবে। একপর্যায়ে তারা তার হাত ধরে মালিককে ফোন দিতে চাপ সৃষ্টি করেন।
মোল্লা এগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা বলেন, গ্রেফতার ব্যক্তিরা কারখানায় এসে মেনেজার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও তার আমাদের ওপর হামলা করে পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পরেই আমি সাঘাটা থানায় লিখিত এজাহার জমা দেই।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাঘাটা থানায় দুই লাখ টাকার চাঁদার দাবির একটি লিখিত অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেফতার করে বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
আনোয়ার আল শামীম/আরএইচ/এএসএম