দেশজুড়ে

খোলপেটুয়া নদীর চরে গাছ কেটে ঘর নির্মাণের অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরে একাধিক গাছ কেটে ঘর তৈরির অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

সরেজমিনে দেখা যায়, নদীর চরের প্রায় দুই শতক জায়গা বাঁশ দিয়ে ঘিরে বালু ভরাট করে সেখানে একটি ঘর নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী এলাকার আনিছুর রহমান চর দখল করে এ নির্মাণকাজ করেছেন।

স্থানীয় ব্যবসায়ী আসমাতুল্লাহ, মাদানিসহ কয়েকজন জানান, ওই স্থানে আগে বেশ কয়েকটি কেওড়া গাছ ছিল। কয়েকদিন আগে রাতে আনিছুর রহমান লোকজন নিয়ে গাছ কেটে ফেলে বালু ভরাট করেন। এরপর গতরাতে সেখানে ঘর নির্মাণ সম্পন্ন করা হয়।

অভিযোগের বিষয়ে আনিছুর রহমান বলেন, তিনি অনেক আগে ওই জায়গা কিনেছিলেন। গত সরকারের সময় ঘর নির্মাণ করতে পারেননি, তাই এখন করেছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে আটুলিয়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা আসরাফুজ্জামান জানান, একাধিকবার নিষেধ করার পরও অভিযুক্ত ব্যক্তি সেখানে ঘর নির্মাণ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম