দেশজুড়ে

শাহজালালের মাজারে স্লোগান দিয়ে বিতর্কের মুখে নাহিদ-সারজিসরা

সিলেটের আধ্যাত্মিক ও ঐতিহাসিক ঐতিহ্যের অন্যতম কেন্দ্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এই প্রথম কোনো রাজনৈতিক দলের প্রকাশ্য স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা মাজার এলাকায় মিছিল ও স্লোগান দিলে এ নিয়ে সিলেটজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সমালোচনা করেছেন।

দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সিলেট সফরে এসে প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে থাকেন। সরকারদলীয় মন্ত্রী-এমপি থেকে শুরু করে বিরোধী দলের নেতারাও এ রীতি অনুসরণ করেছেন। তবে এতদিন মাজার প্রাঙ্গণে কোনো রাজনৈতিক স্লোগান বা মিছিলের ঘটনা ঘটেনি বলেই স্থানীয়রা জানিয়েছেন। কিন্তু এবার সেই চর্চার ব্যতিক্রম ঘটেছে।

জানা যায়, বুধবার এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে অংশ নিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিলেট আসেন। দিনে রিকশায় করে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান তারা। পরে অভিজাত সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল শেষে রাতে তারা শাহজালাল (রহ.)-এর মাজারে তারাবির নামাজ আদায় করতে যান।

এর আগে শাহজালাল (রহ.)-এর মাজারে তারাবির নামাজ আদায় করার বিষয়টি ফেসবুকে জানিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। খবর পেয়ে নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণে জড়ো হন। একপর্যায়ে নারী ইবাদতখানার ছাদে উঠে সারজিস আলম স্লোগান দেন।

উপস্থিত নেতাকর্মীরা তার সঙ্গে সুর মিলিয়ে ‘দিল্লি না সিলেট, সিলেট সিলেট’ এবং ‘আজাদি না গোলামি, আজাদি আজাদি’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এতে মাজার এলাকায় জটলা সৃষ্টি হয়।

এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই একে সিলেটের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপন্থি বলে মন্তব্য করেন।

সিলেট জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে লেখেন, ‘দরগাহ মসজিদের পবিত্র প্রাঙ্গণে পরিকল্পিতভাবে স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করা কোনো রাজনীতি বা শিষ্টাচারের পরিচয় হতে পারে না। তিনি একে সামাজিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা বলে উল্লেখ করেন।’

নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম লেখেন, ‘সুলতানুল বাঙাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় অতীতে কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। নারী ইবাদতখানার ওপর উঠে স্লোগান দেওয়া সুফি দরগার আদবের খেলাফ।’

এছাড়া আরও অনেকে ফেসবুকে লিখেছেন, মাজার জিয়ারতের স্থান- এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়।

এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

আহমেদ জামিল/এফএ/এএসএম