দেশজুড়ে

যশোরে মাদক মামলায় কারবারির যাবজ্জীবন

যশোরে মাদক মামলায় এস্কেন্দার নামের এক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আকতার হোসেন সিদ্দিক।

দণ্ডপ্রাপ্ত এস্কেন্দার শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাত ৯টার পর শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাভারণ শহীদ মোড়ে এক ব্যক্তি হেরোইন নিয়ে যশোরগামী বাসের জন্য অপেক্ষা করছেন। শার্শা থানার এসআই বাবুল আক্তার তাৎক্ষণিক একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে এস্কেন্দারকে দেখতে পান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এস্কেন্দার দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে দুটি পোটলায় মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।

এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে এসআই মামুনুর রশিদ এস্কেন্দারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বৃহস্পতিবার রায় ঘোষণার দিনে বিচারক এস্কেন্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

মিলন রহমান/কেএইচকে/জেআইএম