জাতীয়

ঢামেকে প্রতারণা ও চুরির অভিযোগে দুইজন আটক

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় প্রতারণা ও চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। দ্রুত তৎপরতার মাধ্যমে চুরি হওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) আনসারের উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটের হাসপাতালের ২ নম্বর বাগান গেট প্রবেশপথ এলাকায় সোনার বার সদৃশ পিতলের বার দেখিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে রনি আহাম্মদ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জামতলা বাজার এলাকার বাসিন্দা।

এদিকে, একই দিন দুপুর ২টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে বেলাল মিয়া (২৫) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। বেলাল মিয়া বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরফ হাট মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।

এ অভিযানে দায়িত্ব পালন করেন আনসারের এপিসি মো. সুজাত মোল্লা এবং সদস্য ইমরান, আল আমিন ও সুজন।

আশিকউজ্জামান আরও জানান, পরবর্তীতে আটক দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সম্পদের সুরক্ষায় আনসার সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছেন। তাদের এই তাৎক্ষণিক পদক্ষেপ হাসপাতালের নিরাপত্তা জোরদার এবং জনসাধারণের আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

টিটি/এএমএ