ক্যাম্পাস

এবার নারী শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন জাবি শিবিরের

নারী শিক্ষার্থীদের সম্মানে প্রায় দেড় হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে বিশেষ ইফতারের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রশিবির।

শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের খেলার মাঠে এ ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, ইফতার আয়োজনকে ঘিরে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থীর উপস্থিতি ছিল। আয়োজকরা জানান, এ আয়োজনের জন্য আগে থেকেই রেজিস্ট্রেশন ব্যবস্থা রাখা হয়েছিল এবং প্রায় ১ হাজার ৬০০ নারী শিক্ষার্থী এতে নিবন্ধন সম্পন্ন করেন।

ইফতারে অংশ নেওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, গণ ইফতার মানে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে একসঙ্গে ইফতার করা। আজকের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। মোটামুটি সুশৃঙ্খলভাবে হয়েছে, সবাই খাবার পেয়েছে এবং পরিবেশও ভালো ছিল। গতবারের তুলনায় এবারের অভিজ্ঞতা অনেক ভালো।

তিনি আরও বলেন, গণ ইফতারে অনেক সময় বাইরের লোকজনও অংশ নেন, ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। তাই রেজিস্ট্রেশন ও টোকেন ব্যবস্থা থাকলে শিক্ষার্থীদের জন্য বিষয়টি আরও সহজ হবে।

ইফতারে অংশ নেওয়া আরেক নারী শিক্ষার্থী বলেন, শিবির নিজেদের ভুল স্বীকার করে আবার আমাদের জন্য এত সুন্দর একটি ইফতার আয়োজন করেছে- এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। তারা সামনে আরও ভালো করবে বলে আশা করি।

জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, গত ৪ মার্চ আয়োজিত গণ-ইফতারে ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে অনেক নারী শিক্ষার্থীর কাছে ইফতার পৌঁছে দিতে আমরা ব্যর্থ হয়েছিলাম। এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে স্বল্প সময়ের মধ্যেই আজকের এই ইফতারের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রশিবিরের উদ্যোগে একটি গণ-ইফতার আয়োজন করা হয়েছিল। সেসময় বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হওয়ায় ইফতার বিতরণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অনেক শিক্ষার্থী খাবার না পেয়ে ফিরে যান। ওই ঘটনার প্রেক্ষিতে নারী শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে এই ইফতারের আয়োজন করা হয়।

মো. রকিব হাসান প্রান্ত/এফএ/এএসএম