নোংরা পরিবেশ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে রাখাসহ বিভিন্ন অপরাধের দায়ে হবিগঞ্জে ৫টি খাবারের দোকানকে জরিমানা করেছেন খাদ্য আদালত।
শুক্রবার (৬ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন জানান, প্রতিষ্ঠানগুলোতে ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে রাখা, নোংরা কাপড়ে ভাত ঢেকে রাখা, চা তৈরির দুধে মাছি, নোংরা ও মাছিযুক্ত পরিবেশে সবজি কাটা ও খাবার প্রস্তুত, নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে খাদ্য উৎপাদন, বিষ্ঠাযুক্ত ডিম সিদ্ধ, পোড়া তেল ও জিলাপিতে হাইড্রোজ ব্যবহারসহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। যার কারণে আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার নির্দেশনা দেন।
তিনি জানান, ভ্রাম্যমান আদালত জেলা শহরের কলাপাতা রেস্টুরেন্টকে ২০ হাজার, মধুবন ক্যাফে, মধুবন রেস্তুরা ও ম্যাংগো রেস্টুরেন্টকে ১০ হাজার করে এবং আদি গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থসহ পুলিশ সদস্যরা।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/এএসএম