বর্ষা আসার আগেই ফরিদপুরের আলফাডাঙ্গায় রুদ্রমূর্তি ধারণ করেছে মধুমতী নদী। প্রতিদিনই নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ফসলি জমি থেকে শুরু করে বসতবাড়ি। আকস্মিক এই ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা।
শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামের দুটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে হঠাৎ নদী ভাঙন দেখা দিয়েছে। ওই গ্রামের বাসিন্দা মো. মনা মিয়া শেখ ও মো. সোহাগ শেখের বাড়ি মধুমতি নদী গর্ভে পুরোপুরি বিলীন হয়ে গেছে।
ভুক্তভোগী মো. সোহাগ শেখ বলেন, আমার একমাত্র বাসস্থান ছিল এই ভিটা, তাও কেড়ে নিল মধুমতি নদী। আমার সব শেষ হয়ে গেছে। আমি একেবারে নিঃস্ব। সরকারিভাবে যদি কোনো সাহায্য এবং সহযোগিতা পাই তাহলে খুবই উপকৃত হবো।
নিঃস্ব হয়ে পড়া আরেক ভুক্তভোগী মনা মিয়ার স্ত্রী নিহার বেগম জানান, এই নিয়ে কয়েকবার তাদের ভিটামাটি নদীতে ভেঙেছে। তিন মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর এই ভিটাতেই তিনি একাকী বসবাস করতেন। তিনি আক্ষেপ করে বলেন, হঠাৎ ভাঙন শুরু হলো, চোখের সামনে সব চলে গেল। এখন আমাদের মাথা গোঁজার মতো কোনো ঠাঁই নেই।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী জাগো নিউজকে বলেন, বিষয়টি জানতে পেরেছি। সরেজমিনে পরিদর্শন শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম