লাইফস্টাইল

নারী দিবসের থিম রং বেগুনি কেন

আন্তর্জাতিক নারী দিবস এলেই সামাজিক যোগাযোগমাধ্যম, প্রচারণা পোস্টার কিংবা বিভিন্ন আয়োজনে একটি রং বারবার চোখে পড়ে- বেগুনি বা পার্পল। অনেকেই এই রঙের পোশাক পরেন, ব্যাজ বা রিবন ব্যবহার করেন। কিন্তু প্রশ্ন হলো, কীভাবে বেগুনি নারী দিবসের প্রতীকী রং হয়ে উঠল?

নারী অধিকার আন্দোলনের ইতিহাসে এই রঙের সূত্র খুঁজতে গেলে ফিরে যেতে হয় বিশ শতকের শুরুর দিকে। সে সময় যুক্তরাজ্যে নারী ভোটাধিকারের দাবিতে আন্দোলন করছিল একটি সংগঠন– উইমেনস্ সোশ্যাল অ্যান্ড পলিটিকাল ইউনিয়ন। সংগঠনটি তাদের আন্দোলনের প্রতীক হিসেবে তিনটি রং ব্যবহার করত- বেগুনি, সাদা ও সবুজ। তাদের ব্যাখ্যায় বেগুনি মানে মর্যাদা ও ন্যায়বিচার, সাদা মানে পবিত্রতা আর সবুজ ছিল আশার প্রতীক।

ধীরে ধীরে এই প্রতীকী রং নারী অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায়। পরে আন্তর্জাতিক পর্যায়ে নারী দিবস উদযাপনের সময় বেগুনি রং সবচেয়ে বেশি গুরুত্ব পেতে থাকে। বর্তমানে ইউনাইটেড নেশন উইমেন আন্তর্জাতিক নারী দিবসের প্রতীকী রং হিসেবে বেগুনিকে ব্যবহার করে থাকে, যা নারীর মর্যাদা, ন্যায়বিচার ও ক্ষমতায়নের ধারণাকে তুলে ধরে।

তবে বেগুনি শুধু আন্দোলনের ইতিহাসেই নয়, সংস্কৃতি ও শিল্পকলায়ও দীর্ঘদিন ধরে বিশেষ অর্থ বহন করে আসছে। ঐতিহাসিকভাবে এই রং রাজকীয়তা ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। অনেক সংস্কৃতিতে এটি শক্তি, আত্মমর্যাদা ও সৃজনশীলতার সঙ্গেও যুক্ত।

রং কীভাবে আমাদের প্রভাবিত করে

মনোবিজ্ঞানে বলা হয়, রং মানুষের অনুভূতি ও আচরণে প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন রং মানুষের মানসিক অবস্থার সঙ্গে সূক্ষ্মভাবে সম্পর্ক তৈরি করে। উদাহরণ হিসেবে বেগুনি রঙকে অনেক সময় সৃজনশীলতা, সংবেদনশীলতা ও মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রকাশিত বিভিন্ন মনোবৈজ্ঞানিক আলোচনায় উল্লেখ করা হয়েছে, রং মানুষের আবেগ ও উপলব্ধিতে প্রতীকী অর্থ তৈরি করতে পারে।

আন্তর্জাতিক নারী দিবসে বেগুনি রং ব্যবহারের অর্থ কেবল একটি ঐতিহ্য টিকিয়ে রাখা নয়। এটি নারী অধিকার আন্দোলনের ইতিহাস, সংগ্রাম এবং ভবিষ্যতের সমতার প্রত্যাশাকে মনে করিয়ে দেয়।

তাই নারী দিবসে যখন বেগুনি রঙের কোনো ব্যাজ বা পোশাক চোখে পড়ে, তখন সেটি শুধু একটি রং নয়- বরং এক দীর্ঘ সামাজিক আন্দোলনের প্রতীক।

সূত্র: ইউনাইটেড নেশনস উইমেন, উইমেনস সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন ইতিহাস নথি, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন

এএমপি/এমএস