ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
জানা গেছে, পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্থগিত করা হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কিছুটা দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা। তবে ঘাট প্রান্তে যানবাহনের কোনো দীর্ঘ সিরিয়াল নেই।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে এই রুটে ১২টি ফেরি চালু রয়েছে, যার মধ্যে ৫টি ফেরি দৌলতদিয়া প্রান্তে অবস্থান করছে। যানবাহনের চাপ কম থাকায় কোনো সিরিয়াল তৈরি হয়নি।
রুবেলুর রহমান/এমএন/জেআইএম