হলিউডে একের পর এক সাফল্যে সময়টা বেশ ভালোই কাটছে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার। নতুন সিনেমা, আন্তর্জাতিক প্রকল্প, সব মিলিয়ে আলোচনার কেন্দ্রেই আছেন তিনি। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে আবারও দেখা যাবে এই তারকাকে।
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৮তম অস্কারের আসর। এ আয়োজনে প্রেজেন্টার হিসেবে আমন্ত্রণ পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। বলিউড পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করা এই অভিনেত্রীর সাফল্যের তালিকায় যুক্ত হলো নতুন আরেকটি অধ্যায়।
গত বৃহস্পতিবার প্রেজেন্টারদের একটি তালিকা প্রকাশ করেছে অস্কার কর্তৃপক্ষ। এতে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি আরও বেশ কয়েকজন হলিউড তারকার নাম রয়েছে। তাদের মধ্যে আছেন উইল আরনেট, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে, পল মেসকাল ও গুইনেথ প্যালট্রো।
এর আগে একই আসরের প্রেজেন্টার হিসেবে আরও কয়েকজন তারকার নাম ঘোষণা করা হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন হাভিয়ের বারডেম, ক্রিস ইভান্স, ডেমি মুর, অ্যাড্রিয়েন ব্রডি, কিয়েরান কালকিন, মাইকি ম্যাডিসন ও জো সালদানিয়া।
সুখবরটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। তবে অস্কারের মঞ্চে প্রেজেন্টার হিসেবে এটি তার প্রথম অভিজ্ঞতা নয়। এর আগে ২০১৬ সালেও একই দায়িত্ব পালন করেছিলেন তিনি। পাশাপাশি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস, প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মতো আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চেও তাকে দেখা গেছে।
এদিকে অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তার নতুন হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। একই সঙ্গে পরিচালক এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’-এর শুটিং নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। দীর্ঘ প্রায় ছয়-সাত বছর পর এই ছবির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন তিনি।
এলআইএ