ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থী আমিনুল হকের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) হাইকোর্টের নির্বাচনি আপিল ট্রাইব্যুনালের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৬ আসনে জয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। তিনি আমিনুল হকের চেয়ে ৩ হাজার ৩৬১ ভোট বেশি পান। বাতেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট এবং আমিনুল ৮৫ হাজার ৪৬৭ ভোট পান।
নির্বাচন ঘিরে এর আগে ১৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য এগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
এফএইচ/একিউএফ