জাতীয়

রাজধানীতে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ ভাঙারি গলি এলাকায় সিকান্দার মিয়া (৩২) নামের ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখা রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিকান্দারের বড় ভাই আমির আলী জানান, সিকান্দার মিয়া নিজেই তার অটোরিকশা চালাতেন। রাতে বাসায় ফেরার পথে শান্তিবাগের ভাঙারি গলি এলাকায় আসা মাত্র মো. হান্নান মামুনসহ ৩/৪ জন তাকে ঘিরে ধরে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে খবর পেয়ে তারা দ্রুত সিকান্দার মিয়াকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। পরে সেখানে তার মৃত্যু হয়।

আমির আলী জানান, তিনি জানতে পেরেছেন মো. হান্নান মামুনের সঙ্গে তার ভাইয়ের পূর্বশত্রুতা ছিল এবং এর জেরেই তাকে হত্যা করা হয়েছে। তবে কী নিয়ে তাদের মধ্যে শত্রুতা ছিল তিনি তা বলতে পারেননি।

তিনি আরোও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার গাজীপুর এলাকায়। বাবার নাম আব্দুর রব। সিকান্দার মিয়া শাজাহানপুর শান্তিবাগ এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ