খেলাধুলা

বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব

স্বাগতিক হিসেবে শ্রীলঙ্কার কাছে অনেক বড় প্রত্যাশা ছিল এবারের টি-২০ বিশ্বকাপে। কিন্তু সে প্রত্যাশার পূরণ হয়নি লঙ্কানদের। যে কারণে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সনৎ জয়সুরিয়া।

বিশ্বকাপের পর নতুন করে দলকে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)। যার প্রথম পদক্ষেপ হিসেবে তারা আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে গ্যারি কার্স্টেনকে। অভিজ্ঞ এই দক্ষিণ আফ্রিকান কোচ আগামী ১৫ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে, যা কার্যকর থাকবে ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত।

দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার দায়িত্ব নিচ্ছেন এমন এক সময়ে, যখন শ্রীলঙ্কা ক্রিকেট টিম স্থিতিশীলতা এবং ধারাবাহিক সাফল্যের পথ খুঁজছে। আগের কোচ সনৎ জয়সুরিয়া শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় নাম হলেও, কোচ হিসেবে কার্স্টেনকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

কার্স্টেন কোচিং ক্যারিয়ারে দারুণ সাফল্যের অধিকারী। তার অধীনেই ভারতীয় ক্রিকেট দল ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল। একই সঙ্গে তার সময়েই দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল টেস্ট ক্রিকেটের শীর্ষ র‍্যাংকিংয়ে উঠেছিল।

সম্প্রতি তিনি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া ক্রিকেট দলের পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

খেলোয়াড়ি জীবনেও কার্স্টেন ছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৪ হাজারের বেশি রান করেছেন এবং নিজের দেশের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন।

শ্রীলঙ্কা ক্রিকেটে বিদেশি কোচদের সাফল্যের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ডেভ হোয়াটমোর। এরপর টম মুডি ও ট্রেভর বেইলিসের অধীনে শ্রীলঙ্কা ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। সর্বশেষ বিদেশি কোচ ছিলেন ক্রিস সিলভারউড, যার পর দায়িত্ব নেন সনৎ জয়াসুরিয়া।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার হতাশাজনক বিদায়ের পরই এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সেই আসরে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে সুপার এইট থেকেই বিদায় নেয় দলটি।

জয়াসুরিয়া টুর্নামেন্ট শেষে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এখন তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারের দায়িত্ব পালন করবেন। যদিও তার অধীনে ২০২৪ সালে শ্রীলঙ্কা ঘরের মাঠে কিছু ঐতিহাসিক সাফল্য পেয়েছিল, যার মধ্যে ছিল ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়।

তবে সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং বিভাগে ভূমিকা নিয়ে স্পষ্টতার অভাব দেখা গেছে। তাই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড মনে করছে, নতুন কোচের অধীনে দলকে নতুন করে গঠন করা জরুরি।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কার্স্টেনের নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়, যেখানে সহ-আয়োজক থাকবে নামিবিয়া ও জিম্বাবুয়ে। সেই কন্ডিশনের ব্যাপারে তার অভিজ্ঞতাও এই নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

আইএইচএস/