খেলাধুলা

শেষ মুহূর্তে ইয়ামালের পেনাল্টিতে বাঁচলো বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে নাটকীয় ম্যাচে লামিনে ইয়ামালের শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।

ম্যাচের প্রায় পুরো সময় এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত জয় হাতছাড়া করে নিউক্যাসল। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে গোল করেন স্পেনের তরুণ তারকা ইয়ামাল। তার এই গোলেই সমতা ফেরায় বার্সেলোনা।

এর আগে ম্যাচের ৮৬ মিনিটে নিউক্যাসলকে এগিয়ে দেন হার্ভে বার্নেস। বদলি খেলোয়াড় জ্যাকব মার্ফির ক্রস থেকে গোল করে সেন্ট জেমস পার্কের দর্শকদের উল্লাসে মাতিয়ে দেন তিনি।

তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বদলি নামা দানি ওলমো বক্সে ঢুকে ডিফেন্ডার মালিক থিয়াউয়ের চ্যালেঞ্জে পড়ে গেলে পেনাল্টি দেন রেফারি। সেই সুযোগ কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় গোল করে বার্সাকে ম্যাচে ফিরিয়ে আনেন ইয়ামাল।

ম্যাচ শেষে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘সত্যি বলতে আমি ফলাফলে বেশি খুশি। বল দখলে আমরা ভালো খেলতে পারিনি, অনেক সহজ ভুল করেছি। নিউক্যাসল খুব দ্রুত ট্রানজিশনে আক্রমণ করে। তবে রক্ষণভাগ আজ ভালো পারফর্ম করেছে।’

পুরো ম্যাচজুড়েই নিউক্যাসল বেশ ভালো খেলেছে এবং বার্সেলোনাকে চাপে রেখেছিল। আক্রমণে চেষ্টা চালিয়েছেন এন্থনি এলাঙ্গা, আর গোলের কাছে সুযোগ পেয়েছিলেন রবার্ট লেওয়ানডস্কি ও রাফিনহা।

এই ড্রয়ের ফলে এখন দ্বিতীয় লেগের আগে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বার্সেলোনা। আগামী সপ্তাহে তাদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ।

এমএমআর